বিসমিল্লাহির রাহমানির রাহিম
অধিকাংশ মুসলমান যেসব গুণাহের সাথে জড়িত।
গুণাহ বা পাপঃ গুনাহ বলতে আল্লাহর নির্দেশ অমান্য করা, তাঁর নিষেধমূলক কাজগুলো করা, অথবা তাঁর আদেশ পালন না করাকে বোঝায়, যা পাপ বা অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এটি মূলত শরিয়তের আদেশ-নিষেধ লঙ্ঘন করা।
‘গুনাহ’ শব্দটি বাংলা ভাষায় বহুল প্রচলিত হলেও এটি মূলত ফার্সি শব্দ। গুনাহ বুঝাতে বাংলায় আরও একটি বহুল প্রচলিত শব্দ হচ্ছে পাপ। বাংলা অভিধানে এর অর্থ লেখা হয়েছে অন্যায়, কলুষ, দুষ্কৃতি ইত্যাদি। পাপ হলো তাই, যা অন্তরে সন্দেহ সৃষ্টি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নাওয়াস ইবনে সামআন (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুণ্যবত্তা হল সচ্চরিত্রতার নাম এবং পাপ হল তাই, যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং তা লোকে জেনে ফেলুক, এ কথা তুমি অপছন্দ কর। (হাদিস সম্ভার ৩৭৯৬)। হাদিসের মানঃ সহিহ (Sahih)।
ওয়াবেস্বাহ ইবনে মা’বাদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। অতঃপর তিনি বললেন, তুমি পুণ্যের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছ? আমি বললাম, ’জী হ্যাঁ।’ তিনি বললেন, তুমি তোমার অন্তরকে (ফতোয়া) জিজ্ঞাসা কর। পুণ্য হল তা, যার প্রতি তোমার মন প্রশান্ত হয় এবং অন্তর পরিতৃপ্ত হয়। আর পাপ হল তা, যা মনে খটকা সৃষ্টি করে এবং অন্তর সন্দিহান হয়; যদিও লোকেরা তোমাকে (তার বৈধ হওয়ার) ফতোয়া দিয়ে থাকে। (হাদিস সম্ভার ৩৭৯৭, আহমাদ ১৮০০১, ১৮০০৬, দারেমী ২৫৩৩)। হাদিসের মানঃ সহিহ (Sahih)।
নবি-রাসুলগণ ব্যতীত পৃথিবীতে যতো মানুষ এসেছিলেন এবং আছেন প্রত্যেকেই কোনো কোনো পাপের সাথে জড়িত। যে ব্যক্তি বলবে সে নিষ্পাপ সে একজন মিথ্যেবাদী ও ভন্ড। রাসুল সাঃ বলেন,
আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) আল্লাহর কালামের এ বাণী, “ইল্লাল্লামামা’’ অর্থাৎ- “সগীরাহ্ গুনাহ ছাড়া’’। এক্ষেত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! যদি তুমি ক্ষমা করো, ক্ষমা করো বড় গুনাহ। কেননা এমন কোন বান্দা আছে কি, যে সগীরাহ্ গুনাহ করেনি। (মিশকাতুল মাসাবীহ (মিশকাত) ২৩৪৯, সুনান আততিরমিযী ৩২৮৪, মুসতাদারাক লিল হাকিম ১৮০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৭৪৬, সহীহ আল জামি‘ ১৭১৭)। হাদিসের মানঃ সহিহ (Sahih)।
আল্লাহর বান্দাগণ পাপ যদি না করতো তাহলে আল্লাহ তায়ালা এই মানুষ জাতিকে ধ্বংস করে অন্য জাতি বানাতেন। রাসুল সাঃ বলেন,
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঐ সত্তার কসম যাঁর হাতে আমার জীবন! যদি তোমরা গুনাহ না করতে, তাহলে আল্লাহ তা’আলা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত ও আল্লাহ তা’আলার কাছে ক্ষমা চাইত। আর আল্লাহ তা’আলা তাদেরকে ক্ষমা করে দিতেন। (মিশকাতুল মাসাবীহ (মিশকাত) ২৩২৮, সহীহ মুসলিম (হাদীস একাডেমী) ৬৮৫৬, ৬৮৫৭, ৬৮৫৮, আন্তর্জাতিক নাম্বারঃ ২৭৪৮, ২৭৪৯, শু‘আবূল ঈমান ৬৭০০, সহীহাহ্ ১৯৫০, সহীহ আত্ তারগীব ৩১৪৯)। হাদিসের মানঃ সহিহ (Sahih)।
উক্ত হাদিস দ্বারা পাপ বা গুণাহ করতে উৎসাহিত করা হয়নি বরঞ্চ পাপ কাজ হয়ে গেলে তওবার দিকে উৎসাহ দেয়াই এই হাদিসের মূল উদ্দেশ্য।
পৃথিবীর প্রত্যেক মানুষই যাদের কেউ না কেউ শিরক, কুফর, নিফাক ও বিদআতের সাথে জড়িত। তথা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় অথবা শয়তানের প্ররোচনায় পড়ে সগিরা ও কবিরা গুণাহগুলো করে যাচ্ছে।
বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায়, সমাজটা চাঁদাবাজী, দখলবাজী, অস্ত্রবাজী, সুদ, ঘুষ, দুর্নীতি, অসাধুতা, দলীয় কোন্দল, আদৰ্শহীনতা, উগ্রমেজাজ, নেতার প্রতি অনানুগত্যশীলতা, বেয়াদবী, অভদ্রতা, দুর্নীতিতে শীর্ষস্থান অধিকার করা, অপহরণ, খুন, মব সৃষ্টি করা, অশ্লীল ভাষা প্রয়োগ করা, ধর্ষণ, নির্যাতন, নারী পুরুষ অবাধ মেলামেশা, সমকামিতা, নারী ভক্ষণ, নারী ব্যবসা, নারী পাচার করা, শ্লীলতাহানি, নারী হেনস্থা করা, ইভটিজিং, টেন্ডারবাজী, ভূমিদস্যুতা, ক্ষমতার দাপট প্রদর্শন করা, মদ পান করা বা নেশা করা, মদ ব্যবসা, জুয়া খেলা, নাচ গান, উলঙ্গ-বেহায়াপনা, পর্দাহীনতা, নিয়োগে বাণিজ্য করা, বিদেশে অর্থ পাচার করা, অবৈধ উপায়ে টাকা উপার্জন করা, কোনো কাজের কমিশন ভোগ করা, মিথ্যে ওয়াদা করা, কথায় কথায় মিথ্যে কথা বলা, নির্বাচনকালীন বক ধার্মিক সাজা, আমানতের খেয়ানত করা, ঋণখেলাপী করা, ব্যাংক লুট করা, লোক দেখানো ইবাদত করা, ইসলামের বিরোধীতা করা, আলেমদেরকে অপমান করা, কাফির নাস্তিকদের অনুসরণ করা বা তাদের পক্ষাবলম্বন করা, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়া/পুনর্বাসন করা, ধোঁকাবাজী করা ইত্যাদিতে ভরপুর।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


0 Comments