Tuesday, September 29, 2026

বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 

বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা:

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ২৩

দেশজুড়ে ধর্ষণের ঘটনা ও মামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছরের আট মাসে রেকর্ড হয়েছে ৪,৬৫৪টি ধর্ষণ মামলা, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। তদন্তে অধিকাংশ ঘটনার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের মামলা ভালোভাবে তদন্ত এবং দ্রুত প্রতিবেদন দিয়ে বিচার ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের সব ইউনিটকে।

বিশ্লেষকরা বলেছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের বেপরোয়া মনোভাব, আইন প্রয়োগকারী সংস্থার কিছুটা নমনীয়তা, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সক্ষমতার অভাব এবং সামাজিক অস্থিরতার কারণে ধর্ষণের ঘটনা বেড়েছে।

তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, মামলার বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় না। ফলে মানুষ নির্বিঘ্নে থানায় গিয়ে অভিযোগ জানাতে পারছেন। এতে পরিসংখ্যানগতভাবে ধর্ষণের মামলা বেড়েছে।

তারা আরো বলেছন, দলীয় পরিচয় বিবেচনা করে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না। সরকারি আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলও তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে।

পুলিশ সদর দপ্তরের একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম আট মাসে বিভিন্ন থানায় ধর্ষণের অভিযোগে ৪,৬৫৪টি মামলা রেকর্ড হয়েছে। জানুয়ারি-জুন ছয় মাসে ৩,২৫২টি মামলা হয়। এর মধ্যে মার্চ-জুন পর্যন্ত হয়েছে ১,৯৪০টি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রেকর্ড হয়েছে ১,৩১২টি মামলা। এছাড়া জুলাইয়ে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে ৭০৭ এবং আগস্টে ৬৯৫টি।

গত বছরের মার্চ থেকে জুন পর্যন্ত ধর্ষণের মামলা হয় ১,৫২৮টি। বছরের প্রথম তিন মাসের চেয়ে পরবর্তী তিন মাসে (মার্চ-জুন) ধর্ষণের মামলা বেশি হয়েছে ৬২৮টি। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর মামলার সংখ্যা বেড়েছে ৪১২টি। মার্চ-জুন পর্যন্ত সবচেয়ে বেশি ধর্ষণ মামলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায়।

এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ৬৪টি, গোপালগঞ্জে ৬২, কক্সবাজারে ৬২, ঢাকা জেলায় ৫৮, টাঙ্গাইলে ৫৭, কুমিল্লায় ৫৩, চট্টগ্রাম জেলায় ৫০ এবং বগুড়ায় ৪৭টি মামলা হয়েছে।

সম্প্রতি পুলিশের উচ্চপর্যায়ের সভায় ধর্ষণের মামলা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলা বৃদ্ধির হার খুবই উদ্বেগজনক। তিনি পুলিশের সব ইউনিটকে ধর্ষণ মামলাগুলো খুব ভালোভাবে তদন্ত করার নির্দেশনা দেন। একই সঙ্গে ধর্ষণ মামলার দ্রুত প্রতিবেদন দিতে বলেন।

ধর্ষণের মামলা তুলনামূলক বেশি হওয়ার কারণ তুলে ধরে সম্প্রতি বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহ্মদ। তিনি বলেন, আগে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে ভুক্তভোগী মামলা করতে থানায় যেতেন না বা যেতে পারতেন না। এখন থানায় গেলেই এফআইআর দাখিল করতে পারেন। এখানে কোনো হস্তক্ষেপ নেই, যে কারণে মামলা বেড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ধর্ষণ যেখানেই হোক; গ্রেপ্তার, চার্জশিট, সাক্ষী উপস্থাপনসহ বিচারের সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পল্লবীতে শিশু হত্যার বিচার হয়েছে ১৫-১৭ দিনের মধ্যে, এটা বাংলাদেশের রেকর্ড।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেশকিছু ধর্ষণের ঘটনা দেশজুড়ে আলোচিত হয়। এর মধ্যে গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৭) ধর্ষণের পর হত্যা এবং ২১ মে চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশু ফারিয়া ধর্ষণের ঘটনা ঘটে। গত ৯ সেপ্টেম্বর পাবনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে লাশ টুকরা টুকরা করে ডোবায় ফেলে দেওয়া হয়। গত ২৭ ফেব্রুয়ারি পাবনার ঈশ্বরদীতে মাদরাসাছাত্রী জামিলা খাতুনকে ধর্ষণের পর হত্যা করা হয়। বাধা দিতে গেলে জামিলার নানি সুফিয়া খাতুনকেও হত্যা করে দুবৃত্তরা। ২৪ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন।

এদিকে, ধর্ষণের ঘটনা তদন্তে অভিযুক্তদের সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া গেছে। গত ৪ আগস্ট ধর্ষণের অভিযোগে করা মামলায় যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩ জুন হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা হোসাইন আহমদকে গ্রেপ্তার করা হয়। গত ৯ সেপ্টেম্বর কেরানীগঞ্জের শুভাঢ্যায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৬ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ায় পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৬ মার্চ কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা শক্র মাঝিকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট নওগাঁর বদলগাছীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে জামায়াত নেতা শফিউল হাসানের বিরুদ্ধে। গত ১৭ জুলাই পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান মাহবুবকে গ্রেপ্তার করে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিভাগের দুটি জেলার পুলিশ সুপার আমার দেশ-কে বলেন, ধর্ষণের যেসব অভিযোগ পাচ্ছি, তদন্তে অধিকাংশ ঘটনার সঙ্গে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নাম পাওয়া যাচ্ছে। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে তারা ধর্ষণের মতো অপরাধ করছে।

পুলিশের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এএইচএম শাহাদাত হোসাইন আমার দেশ-কে বলেন, বর্তমান সময়ে অপরাধ যারাই করুক, ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। মামলা গ্রহণে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো চাপ না থাকা এবং ভুক্তভোগীরা নির্বিঘ্নে থানায় অভিযোগ করতে পারায় প্রকৃত ঘটনার একটি বড় অংশ এখন মামলা হিসেবে রেকর্ড হচ্ছে। এটা ধর্ষণ মামলার পরিসংখ্যান বৃদ্ধির একটি কারণ হতে পারে। অপরাধ দমনের পাশাপাশি ধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। ধর্ষণের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা ও দ্রুত বিচার নিশ্চিতের ওপর পুলিশ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তার বিষয়টিও প্রাধান্য দিয়ে কাজ করছে।

অপরাধ বিশ্লেষক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ওমর ফারুক আমার দেশ-কে বলেন, ধর্ষণের মামলার সংখ্যা বাড়ছে, এটা আমরা পরিসংখ্যানগতভাবে দেখছি। ধর্ষণের মামলা বৃদ্ধির কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আংশিক সত্য। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এক শ্রেণির দুর্বৃত্ত ধর্ষণের মতো অপরাধ ঘটাচ্ছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় কিছুটা নমনীয়তা রয়েছে।

তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনা বৃদ্ধির আরেকটি কারণ প্রযুক্তির অবাধ বিস্তারে প্রযুক্তিগত অপশিক্ষা। এর ফলে এক শ্রেণির মানুষ ধর্ষণের মতো অপরাধের দিকে ঝুঁকছে। ধর্ষকদের বয়স ২৫-৪৫ বছরের মধ্যে বেশি। এখানে রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি সম্পত্তিগত শত্রুতা, নানা কারণে প্রতিশোধ নেওয়ার মনোভাব এবং অস্থিতিশীল সামাজিক পরিবেশও ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য দায়ী। ধর্ষণের ঘটনার নির্মোহ তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে। আরেকটি হলো, অপরাধ সংঘটিত হওয়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করতে হবে।

সূত্র: আমার দেশ

No comments:

Post a Comment

বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24  বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা: প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ২৩ দেশজুড়ে ধর্ষণের ঘটনা ও মামলা আশঙ্কাজনক ...